প্রত্যাশাতীতভাবে বেড়েছে টেসলা ও অ্যালফাবেটের আয়!

২৭ জুলাই, ২০২৪ ১৪:১৯  

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রত্যাশাতীতভাবে আয় বেড়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের। মূল্য ছাড় দিয়ে গাড়ি বিক্রি করেও এ সময়ে টেসলার আয় হয়েছে ২৫.৫০ বিলিয়ন ডলার। আর বিজ্ঞাপন ও ক্লাউড পরিষেবা থেকে অ্যালফাবেটের আয় হয়েছে ৮৪.৭৪ বিলিয়ন ডলার। খবর রয়টার্স।

টেসলার সূত্র মতে, বছরের দ্বিতীয় প্রান্তিক তথা এপ্রিল থেকে জুনে কোম্পানিটি ২৫.৫০ বিলিয়ন ডলার আয় করেছে, যা গত বছরের একই সময়ে ছিলো ২৪.৯৩ বিলিয়ন ডলার। যদিও এ সময় টেসলার আয় ২৪.৭৭ বিলিয়ন ডলার হবে বলে ধারণা করছিলেন বিশ্লেষকরা।

মূলত বছরের এ দ্বিতীয় প্রান্তিকে ব্যাপক হারে মূল্যছাড় দিয়ে বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে, যার কারণে টেসলার আয় বেড়েছে। এতে বিশ্লেষকদের সব অনুমান ছাড়িয়ে গেছে।

যদিও বছরের ব্যবধানে টেসলার মুনাফা কমেছে। দ্বিতীয় প্রান্তিকে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির মুনাফা দাঁড়িয়েছে ১.৪৮ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ২.৭০ বিলিয়ন ডলার।

একইভাবে অনুমান ছাপিয়ে অ্যালফাবেটের আয়ও বেড়েছে ১৪ শতাংশ। বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি আয় করেছে ৮৪.৭৪ বিলিয়ন ডলার। যদিও কোম্পানিটির আয় ৮৪.১৯ বিলিয়ন ডলার হবে বলে ধারণা করছিলেন বিশ্লেষকরা। এক্ষেত্রে আয় বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন বিক্রি ও কোম্পানির ক্লাউড কম্পিউটিং পরিষেবাগুলোর চাহিদা।

ডিবিটেক/বিএমটি